বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৮ পিএম
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের বুর্গ শহরে সেনাবাহিনীর একটি ব্যারাকে পাঠানোর জন্য রওনা হওয়া একটি বেসামরিক মালিকানাধীন ডেলিভারি ট্রাক থেকে প্রায় ২০ হাজার গুলি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জার্মানির স্থানীয় সংবাদমাধ্যম এমডিআর ও সাপ্তাহিক ম্যাগাজিন ডেয়ার স্পিগেল-কে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৫ নভেম্বর রাতে ট্রাকটি স্যাক্সনি-আনহাল্টের বুর্গ শহরের একটি হোটেলের পার্কিং লটে থামানো হয়েছিল। পরের দিন ব্যারাকে পৌঁছানোর পর দেখা যায়, ট্রাকে থাকা বিপুল পরিমাণ গোলাবারুদ উধাও।
তালিকা মিলিয়ে দেখা যায় পিস্তলের প্রায় ১০ হাজার তাজা গুলি ও প্রশিক্ষণে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেলের ৯ হাজার ৯০০ গুলি ট্রাকে পাওয়া যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা, অনিরাপদ জায়গায় রাতভর ট্রাক থামানোই চুরির মূল কারণ। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়া অত্যন্ত উদ্বেগজনক।
স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে গোলাবারুদ হারানোর ঘটনা নতুন নয়। সাম্প্রতিক মাসগুলোতে বার্নবুর্গ ও আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে নিরাপত্তা নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠছে।
চুরির ঘটনাটি তদন্তে সেনাবাহিনী ইতিমধ্যে স্থানীয় পুলিশের সহযোগিতায় কাজ শুরু করেছে। এখনো পর্যন্ত কারা এ চুরির সঙ্গে জড়িত, তা স্পষ্ট নয়।
আরটিভি/এসকে