বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫০ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতে আসছেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ভারতে এটি তার প্রথম সরকারি সফর। পুতিনের এই সফর ঘিরে বিশ্বব্যাপী আবারো আলোচনায় এসেছে তার অত্যন্ত নিরাপত্তা-সজ্জিত রাষ্ট্রীয় বাহন, রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিলাসবহুল লিমুজিন ‘অরাস সেনাট’।
এই সফরে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন, রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন এবং দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারত্ব-এর অগ্রগতি পর্যালোচনা করবেন। বিশ্বের সবচেয়ে কঠোরভাবে পাহারায় থাকা নেতাদের একজন হিসেবে পরিচিত ভ্লাদিমির পুতিন যেখানেই যান, তার বিশেষভাবে তৈরি সাঁজোয়া লিমুজিনটিও সঙ্গে থাকে। ‘রাশিয়ান রোলস-রয়েস’ নামে পরিচিত এই অরাস সেনাট হলো রাশিয়ার নিজস্ব বিলাসবহুল লিমুজিন, যা প্রেসিডেন্ট ও শীর্ষ রাষ্ট্রীয় নেতাদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
রুশ সরকার আমদানি করা গাড়ির পরিবর্তে নিজেদের কোর্তেজ প্রকল্পের অধীনে এই গাড়ি সরকারি কাজে ব্যবহার করা শুরু করে। অতি বিলাসবহুল ও সম্পূর্ণ সাঁজোয়া যান তৈরির জন্যই এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ২০১৮ সালে পুতিনের শপথ অনুষ্ঠানে অরাস সেনাট উন্মোচন করা হয়।
অরাস সেনাট নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখে তৈরি, যা এটিকে বিশ্বের অন্যতম সুরক্ষিত গাড়িতে পরিণত করেছে। এনডিটিভি জানিয়েছে, এই গাড়ির বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো:
সম্পূর্ণ বুলেটপ্রুফ কাঠামো: এটি ভারী ক্যালিবারের গুলি ও আর্মার-পিয়ার্সিং রাউন্ডও ঠেকাতে সক্ষম।
বিস্ফোরণ প্রতিরোধী: মিসাইল ও ড্রোন হামলাসহ বিস্ফোরণের চাপ সহ্য করার মতো সুরক্ষা স্তর রয়েছে।
পানিতে ভাসমান থাকার ক্ষমতা: গাড়িটি পানিতে পড়ে গেলে ভেসে থাকতে পারে এবং নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত সচল থাকতে পারে।
রাসায়নিক হামলা প্রতিরোধ: আলাদা এয়ার-ফিল্টার সিস্টেমের মাধ্যমে বিষাক্ত গ্যাস প্রবেশ করতে পারে না।
টায়ার সুবিধা: সব টায়ার নষ্ট হলেও গাড়ি দ্রুতগতিতে চলতে পারে।
এ ছাড়াও, গাড়িটির ভেতরের অংশ অত্যন্ত বিলাসবহুল, যেখানে রয়েছে চামড়ার আসন, হাতে বানানো কাঠের প্যানেল এবং সুরক্ষিত যোগাযোগব্যবস্থা। এর শক্তিশালী ইঞ্জিন মাত্র ৬ থেকে ৯ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি ওঠাতে সক্ষম।
তবে পুতিনের জন্য তৈরি বিশেষ সাঁজোয়া সংস্করণে গোপন নিরাপত্তা প্রযুক্তি যোগ করা হয়, ফলে এর দাম সাধারণ সংস্করণের (প্রায় ১ কোটি ৮০ লাখ রুবল) তুলনায় প্রায় দ্বিগুণ হয় এবং এটি সাধারণের জন্য বিক্রি করা হয় না।
আরটিভি/এআর