images

আন্তর্জাতিক

২০২৬ সালে আসতে পারে ভয়াবহ বিপর্যয়, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৪ পিএম

বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা, যিনি ‘বলকানের নস্ট্রাডামুস’ নামে পরিচিত, তার ভবিষ্যদ্বাণীগুলো সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করে। দৃষ্টিশক্তি হারানোর পর ভবিষ্যতের ঘটনা দেখতে পাওয়ার অলৌকিক ক্ষমতা লাভ করেন বলে কথিত এই মহিলার ভবিষ্যদ্বাণীগুলো যেমন ভয় জাগায়, তেমনই তা কৌতূহলোদ্দীপক। ৯/১১ হামলা, চেরনোবিল বিপর্যয়, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, এমনকি ব্রেক্সিটের মতো একাধিক ঘটনার নির্ভুল পূর্বাভাস তিনি আগেই দিয়েছিলেন বলে দাবি করা হয়।

১৯৯৬ সালে মারা যাওয়ার আগে বাবা ভাঙ্গা ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যৎবাণী করে যান, যেখানে তার গণনা অনুসারে পৃথিবী ধ্বংস হবে। আমরা যখন ২০২৫ সালের প্রায় শেষে উপস্থিত, তখন সবার কৌতূহল—তা গণনা অনুসারে আগামী বছর ২০২৬-এ কী ঘটতে চলেছে?

আরও পড়ুন
AGE

বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার

বিভিন্ন সূত্রে বাবা ভাঙ্গার ২০২৬ সালের জন্য যে ভবিষ্যদ্বাণীগুলো প্রচলিত রয়েছে, সেগুলোর মূল বিষয়বস্তুগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো- 

১. তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত: অনেক সূত্রের দাবি, বাবা ভাঙ্গা ২০২৬ সালে একটি বড় যুদ্ধের সম্ভাবনা উল্লেখ করেছেন। তবে কোন দেশ এই সংঘাতে জড়াবে বা কীভাবে এটি ছড়িয়ে পড়বে—এসব বিষয়ে তার বক্তব্য অস্পষ্ট।

২. কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য: একটি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ২০২৬ সালে এআই এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে আসবে। এটিকে আধুনিক সমাজে প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে মানুষের উদ্বেগের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়।

৩. ভিনগ্রহবাসীর সঙ্গে প্রথম যোগাযোগ: কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৬ সালে মানবজাতি প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণের সঙ্গে যোগাযোগ করতে পারে। এমনকি বিশাল মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।

৪. রাশিয়া থেকে `নতুন বিশ্বনেতা': অনেকে মনে করেন, বাবা ভাঙ্গা রাশিয়া বা রাশিয়ার কোনো অঞ্চল থেকে একজন শক্তিশালী নেতার উত্থান দেখেছিলেন, যাকে `বিশ্বের অধিপতি' বলা হয়। তবে এর পরিচয় বা প্রেক্ষাপট অস্পষ্ট।

৫. অর্থনৈতিক বিপর্যয় ও সোনার বাজার: মিডিয়ার তথ্যমতে, তিনি ২০২৬ সালে বড় ধরনের অর্থনৈতিক ধসের কথা বলেছিলেন, যেমন মুদ্রাব্যবস্থা ভেঙে পড়া বা ব্যাংকিং সংকট। পাশাপাশি, তিনি সতর্ক করেছিলেন যে এই বছরে সোনার দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করবে।

৬. জলবায়ু পরিবর্তনের বড় মোড়: ২০২৬ সাল নাকি জলবায়ু বিপর্যয়ের মোড় পরিবর্তনের বছর হবে। বন্যা, খরা, তীব্র আবহাওয়া এবং বাস্তুতন্ত্রে বিপর্যয় দেখা যেতে পারে। এটি আধুনিক বিজ্ঞানভিত্তিক সতর্কবার্তার সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা হয়।

সত্যতা নাকি লোককথা?
বাবা ভাঙ্গার এসব ভবিষ্যদ্বাণী জনপ্রিয় সংস্কৃতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও, অধিকাংশেরই নির্ভরযোগ্য উৎস নেই। অনেক ক্ষেত্রেই তার বহু বিচ্ছিন্ন বক্তব্যকে একত্র করে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতি (যেমন জলবায়ু সংকট, এআই-এর বিকাশ) মাথায় রেখে এগুলো ব্যাখ্যা করা হয়েছে।

তাই বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দেন যে, এসব ভবিষ্যদ্বাণীকে কোনো গবেষণার বস্তু নয়, বরং নিছক কৌতূহল ও লোককথার অংশ হিসেবে দেখা উচিত। তার ভবিষ্যদ্বাণীগুলো উত্তেজনাপূর্ণ হলেও, চূড়ান্তভাবে আমাদের নির্ভর করতে হবে বাস্তব পরিস্থিতি, বিজ্ঞান এবং মানবজাতির সম্মিলিত প্রচেষ্টার ওপর।