শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৭ পিএম
তুরস্কের দক্ষিণাঞ্চলে আন্তঃনগর বাসের সঙ্গে একটি আর্টিকুলেটেড লরির ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।
সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আদানা এবং গাজিয়ানটেপ শহরকে সংযুক্তকারী মহাসড়কে ভোরের আগে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি আন্তঃনগর বাস সামনের আর্টিকুলেটেড লরির পেছনে সজোরে ধাক্কা মারে, যার ফলে লরিটির টায়ার ফেটে যায়। প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের ফলে বাসটির সামনের ডান অংশটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গেছে।
ওসমানিয়ে গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে আনাদোলু আরও জানায়, দুর্ঘটনায় নিহত এবং আহতরা সকলেই বাসের যাত্রী ছিলেন। পুলিশ নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে।
এই ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাজনিত কারণে পুলিশ সাময়িকভাবে মহাসড়কটি বন্ধ করে দিয়েছে।
আরটিভি/এআর