মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৯:০৭ এএম
দক্ষিণ লেবাননে নতুন করে ছয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার (৮ ডিসেম্বর) ওয়াদি রুমিন, জাবাল সাফি এবং নাবাতিয়েহ জেলার জেফতা নদীর আশপাশের এলাকাগুলো ছিল হামলার প্রধান লক্ষ্য। এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। বিশেষ করে সংগঠনটির রেদওয়ান ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ জায়গাগুলো টার্গেট করা হয়েছে বলে জানায় তেলআবিব।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল এখনো লিতানি নদীর দক্ষিণে পাঁচটি স্থানে সেনা উপস্থিতি বজায় রেখেছে। পাশাপাশি দক্ষিণ ও পূর্ব লেবানন এবং রাজধানী বেইরুতের দক্ষিণাঞ্চলেও নিয়মিত আঘাত হানছে দেশটি।
এদিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইফিল জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৮ হাজার ৫০০-টির বেশি আকাশ ও স্থল লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে। যা সীমান্ত উত্তেজনার অবনতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
আরটিভি/এসকে