images

আন্তর্জাতিক

ভারতে বিদেশি পর্যটক আগমনে টানা পাঁচ বছর দ্বিতীয় বাংলাদেশ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৫ পিএম

ভারতে বিদেশি পর্যটকের আগমনের তালিকায় টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। সোমবার (৮ ডিসেম্বর) ভারতের অভিবাসন ব্যুরোর পরিসংখ্যান উদ্ধৃত করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০২৪ সালে মোট ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন বাংলাদেশি ভারত সফর করেন। আগের বছর ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২১ লাখ ১৯ হাজার ৮২৬। তুলনামূলকভাবে এ বছর বাংলাদেশি পর্যটকের সংখ্যা কিছুটা কমলেও র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, ১৮ লাখ ৪ হাজার ৫৮৬ পর্যটক নিয়ে ২০২৪ সালে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতের রাজ্যভিত্তিক পর্যটন প্রবাহেও উল্লেখযোগ্য বৈচিত্র্য রয়েছে। সর্বাধিক বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন মহারাষ্ট্রে, যেখানে সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৫ হাজার ১৭০। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, সেখানে গেছেন ৩১ লাখ ২৪ হাজার ৪৬২ বিদেশি পর্যটক।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত বছর বিদেশি পর্যটকদের কাছ থেকে ভারত মোট ২ লাখ ৯৩ হাজার ৩৩ কোটি রুপি আয় করেছে।

টানা পাঁচ বছর ধরে ভারতের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হয়ে থাকার ফলে বাংলাদেশ-ভারত পর্যটন বিনিময়ের গভীরতা ও ভ্রমণ সুবিধার গুরুত্ব আবারও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
আরটিভি/এসকে