images

আন্তর্জাতিক / ইউরোপ

সীমান্তে রহস্যময় সুড়ঙ্গের সন্ধান, অতঃপর...

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪২ পিএম

পূর্ব ইউরোপের দেশ বেলারুশের সীমান্তের কাছে মাটির নিচে তৈরি করা একটি অত্যন্ত গোপন সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে পোলিশ সীমান্ত রক্ষী বাহিনী। এই রহস্যময় পথটি ব্যবহার করে ১৮০ জনেরও বেশি অভিবাসী মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই সুড়ঙ্গটি খুঁজে পাওয়ার পর পোলিশ বর্ডার গার্ড অনুপ্রবেশকারীদের মধ্যে ১৩০ জনকে আটক করেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, সুড়ঙ্গটির প্রবেশদ্বার ছিল বেলারুশ সীমান্তবর্তী একটি ঘন বনের ভেতরে এবং এটি শেষ হয়েছিল পোল্যান্ডের সীমানা রেখার মাত্র ১০ মিটার দূরে। মাটি ও গাছের শিকড় খুঁড়ে তৈরি করা সুড়ঙ্গটিকে কাঠ ও ধাতব রড দিয়ে মজবুত করা হয়েছিল। এর উচ্চতা ছিল মাত্র ১ দশমিক ৫ মিটার।

আরও পড়ুন
denmark

বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত যা চোখে দেখা যায় না

এই অবৈধ অনুপ্রবেশে সহযোগিতা করার অভিযোগে কর্তৃপক্ষ ৬৯ বছর বয়সী একজন পোলিশ নাগরিক এবং ৪৯ বছর বয়সী একজন লিথুয়ানিয়ানকেও আটক করেছে।

পোল্যান্ড সরকার এই ঘটনার জন্য প্রতিবেশী বেলারুশ ও রাশিয়াকে দায়ী করে বলেছে, তারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অবৈধ অভিবাসীদের পাঠিয়ে পোল্যান্ডকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তবে অভিযুক্ত দেশ দুটি এই অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, চলতি বছরে পোল্যান্ড অভিমুখী এমন আরও তিনটি সুড়ঙ্গ শনাক্ত করা হয়েছে। এই ঘটনা সীমান্তে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরটিভি/এআর