images

আন্তর্জাতিক / ভারত

উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ০৮:২২ পিএম

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু এবং পরবর্তীতে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ত্রিপুরা সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে ভারত। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত সরেজমিন পরিদর্শন করেন।

ত্রিপুরার দক্ষিণ জেলার বেলোনিয়া মহকুমায় এই বিশেষ নিরাপত্তা মূল্যায়ন অনুষ্ঠিত হয়। ত্রিপুরার সাথে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার অনেকটা অংশ এখনো কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা সম্ভব হয়নি।

আরও পড়ুন
8

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি নিজেই বেলোনিয়ার সীমান্ত ফাঁড়ি পরিদর্শনে আসেন। তার এই সফরের মূল লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় দায়িত্বরত বাহিনীগুলোর অভিযানমূলক প্রস্তুতি এবং সতর্কতার বর্তমান অবস্থা যাচাই করা। সফরকালে তিনি সম্মুখ সারিতে নিয়োজিত সেনাদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন।

সীমান্তে এই বাড়তি সতর্কতার পেছনে বেশ কিছু কারণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে সন্ত্রাসী হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ চলছে।

এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে ভারত সরকার বিশেষভাবে সচেতন রয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীগুলোর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আরটিভি/এআর