images

আন্তর্জাতিক

ঘুমের মধ্যে ১১ তলা থেকে পড়ে আটকে গেলেন ৯ তলায়

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৯ পিএম

ভারতের গুজরাটের সুরতে এক অবিশ্বাস্য দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক প্রৌঢ়। ঘুমন্ত অবস্থায় ১১ তলার জানলা থেকে গড়িয়ে পড়ে তিনি নবম তলার জানলার ধাতব গ্রিলে আটকে যান। প্রায় এক ঘণ্টা জীবন-মৃত্যুর মাঝে ঝুলে থাকার পর তাকে সফলভাবে উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে সুরতের জাহাঙ্গীরাবাদ এলাকায়। ৫৭ বছর বয়সি নিতিন আদিয়া ওই এলাকার একটি বহুতল ভবনের ১১ তলায় থাকেন। জানা গিয়েছে, খোলা জানলার পাশে শুয়ে ঘুমোচ্ছিলেন তিনি। ঘুমের ঘোরে আচমকাই বাইরে দিকে গড়িয়ে পড়ে যান নিতিন। ১১ তলা থেকে পড়ে গেলে প্রাণে বাঁচার সম্ভাবনা প্রায় ছিল না। তবে সৌভাগ্যক্রমে নবম তলার একটি ফ্ল্যাটের জানলার ধাতব গ্রিলে তিনি আটকে যান।

প্রায় এক ঘণ্টা ধরে উল্টো অবস্থায় মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে গ্রিলে ঝুলে ছিলেন নিতিন। ঘটনাটির ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ভয়ে চিৎকার করতে করতে তিনি সাহায্যের আবেদন জানাচ্ছেন। যদিও এই ভাইরাল ছবি ও ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা নাগাদ উদ্ধারকারী সংস্থার কাছে খবর পৌঁছায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা ১১ তলা থেকে দড়ি ও বেল্টের সাহায্যে তাকে নিরাপদে নামিয়ে আনেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নবম তলার খোলা জানলার সামনে তাকে নিরাপদ স্থানে আনা সম্ভব হয়। পরে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন
UKRAINE

টাকার অভাবে নির্বাচন করতে পারছে না ইউক্রেন

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত নিতিন আদিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই নাটকীয় উদ্ধারকাজের জন্য উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যেরা।

সূত্র: আনন্দবাজার 

আরটিভি/এসকে