images

আন্তর্জাতিক

দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন, ভিডিও ভাইরাল

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৮ পিএম

মাত্র দুই সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি অর্জন করে বিশ্বরেকর্ড গড়েছে চীন। দেশটির অতিদ্রুতগতির ম্যাগলেভ  ট্রেনের একটি পরীক্ষামূলক ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা এই পরীক্ষাটি চালান। পরীক্ষায় ব্যবহৃত ট্রেনটির ওজন এক হাজার টনের বেশি হলেও শক্তিশালী চৌম্বক প্রযুক্তির মাধ্যমে সেটিকে মাত্র দুই সেকেন্ডে সর্বোচ্চ গতিতে পৌঁছাতে সক্ষম হন গবেষকেরা।

ম্যাগলেভ ট্র্যাকের ওপর চালানো এই ট্রেনটি উচ্চগতিতে চলার পর নিরাপদে থামাতেও সফল হন তাঁরা। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গত ৩ ডিসেম্বর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। তবে ট্রেনটির গতি এত বেশি ছিল যে চোখের পলক ফেলার আগেই সেটি দৃষ্টির বাইরে চলে যায়।