images

আন্তর্জাতিক / ভারত

ভারতের পরিচ্ছন্নতম শহরে পানির বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৬:৪৫ পিএম

টানা আট বছর ধরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের মুকুট ধরে রাখা মধ্যপ্রদেশের ইন্দোর এখন মৃত্যুপুরী। পরিচ্ছন্নতার সব রেকর্ড ছাপিয়ে শহরটিতে ছড়িয়ে পড়েছে দূষিত পানীয় জলের আতঙ্ক। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্যমতে, পাইপলাইনের নোংরা পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। ভারতের সবচেয়ে ‘স্মার্ট’ ও নির্মল শহরে এমন বিপর্যয় দেশটির নগর পরিকল্পনা ও জনস্বাস্থ্য নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। খবর রয়টার্সের।

আরও পড়ুন
7

হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বলে কড়া হুঁশিয়ারি জয়শঙ্করের

শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় জলের মূল পাইপলাইনে একটি ছিদ্র দিয়ে ড্রেনেজ লাইনের বর্জ্য মিশে যাওয়ায় এই বিষক্রিয়া শুরু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী জানান, প্রাথমিক ল্যাব পরীক্ষায় ওই এলাকার সরবরাহকৃত জলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে। অসুস্থ হয়ে দুই শতাধিক মানুষ এখন হাসপাতালের শয্যায় যন্ত্রণার সঙ্গে লড়ছেন। স্থানীয় বিধায়ক কৈলাশ বিজয়বর্গীয় এই ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, মাটির নিচের পুরনো পাইপলাইনে সূক্ষ্ম ছিদ্র থাকায় সেটি সরাসরি দূষিত নর্দমার সংস্পর্শে আসে। সাধারণ মানুষ সেই পানি পান করতেই এলাকায় মহামারীর মতো ডায়রিয়া ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসন বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করছে এবং বিনামূল্যে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছে। আক্রান্ত এলাকা থেকে ৮ হাজারেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে মৃদু উপসর্গ পাওয়া গেছে। 

পরিচ্ছন্নতার জাতীয় র‍্যাঙ্কিংয়ে ইন্দোর সবসময় শীর্ষে থাকলেও এই দুর্ঘটনা প্রমাণ করল যে শুধু রাস্তাঘাট ঝকঝকে রাখাই যথেষ্ট নয়। মাটির নিচের অবকাঠামো যদি সুরক্ষিত না থাকে, তবে জনস্বাস্থ্য যেকোনো সময় বিপন্ন হতে পারে। বর্তমানে পাইপলাইনটি মেরামত করা হয়েছে এবং পানি বিশুদ্ধকরণের কাজ চলছে। তবে প্রশাসনের এই বিলম্বিত পদক্ষেপ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

আরটিভি/এআর