images

আন্তর্জাতিক / দক্ষিণ আমেরিকা

ভেনেজুয়েলার যেসব স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০৪:৩৩ পিএম

ভেনেজুয়েলায় রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এসময় মার্কিন যুদ্ধবিমানগুলো রাজধানীর প্রধান সামরিক ও যোগাযোগ কেন্দ্রগুলোতে শক্তিশালী হামলা চালায়। বিবিসি ভেরিফাই এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনা মার্কিন হামলায় ধূলিসাৎ হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে মার্কিন বিশেষ বাহিনী ‘ডেল্টা ফোর্স’-এই সামরিক অভিযান পরিচালনা করে। 

আরও পড়ুন
maduro

ব্রুকলিন কারাগারে মাদুরো, কেন কুখ্যাত মার্কিন এ বন্দিশালা?

ওয়াশিংটন মূলত দেশটির সামরিক ও যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার কৌশল গ্রহণ করে। মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনগুলোর প্রধান লক্ষ্যবস্তু ছিল রাজধানী কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোতা বিমান ঘাঁটি, যা দেশটির বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি। এরপর তারা আঘাত হানে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনা-তে, যেখানে মাদুরোর অনুগত বাহিনীর শক্ত অবস্থান ছিল। সমুদ্রপথে যেকোনো ধরণের পালটা প্রতিরোধ রুখতে মিরান্ডা অঙ্গরাজ্যের প্রধান সংযোগকারী সমুদ্রবন্দর পোর্ত লা গুয়েরার ডকিং এলাকায় নিখুঁতভাবে মিসাইল হামলা চালানো হয়। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিগুয়েরোতে বিমানবন্দর এবং পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে সেরো এল ভলকানের সুউচ্চ টেলিকম টাওয়ারটি গুঁড়িয়ে দেয় মার্কিন বাহিনী। এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞের মাধ্যমেই মাদুরোকে সস্ত্রীক আটক করার পথ সুগম করা হয়েছিল।

এই হামলার পর কারাকাসের রাস্তাঘাট এখন জনশূন্য। হামলার প্রভাবে শহরের বড় একটি অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তবে এরই মধ্যে মাদুরোর কট্টর সমর্থকরা রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর এই ধ্বংসলীলা ভেনেজুয়েলাকে এক দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

আরটিভি/এআর