বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০৮:১০ পিএম
নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের ছেলে মারিয়াস বর্গ হইবির (২৯) বিরুদ্ধে চার নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের পর এবার গুরুতর মাদক অপরাধের নতুন অভিযোগ যুক্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বহুল আলোচিত এই বিচারের আগে গত সোমবার আইনজীবীরা এই নতুন অভিযোগের কথা জানান।
আইনজীবী স্টারলা হেনরিকসবো এক বিবৃতিতে জানান, ২০২০ সালের একটি ঘটনায় ৩ দশমিক ৫ কেজি মারিজুয়ানা পরিবহনের দায়ে হইবিকে অভিযুক্ত করা হয়েছে। হইবি ইতোমধ্যে এই মাদক অপরাধের কথা স্বীকার করেছেন। তবে তার আইনজীবী এলেন হোলজার আনডেনেস দাবি করেছেন, তার মক্কেল কোনো আর্থিক সুবিধা ছাড়াই কেবল এক স্থান থেকে অন্য স্থানে মাদকগুলো পৌঁছে দিয়েছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য এবং উচ্চগতিতে মোটরসাইকেল চালানোর পৃথক পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
এদিকে নরওয়ের রাজপরিবারের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হচ্ছে। ক্রাউন প্রিন্স হাকোনকে বিয়ের আগে মেটে-মারিটের আগের সম্পর্কের সন্তান হলেন হইবি। রাজপরিবারের সঙ্গে বড় হলেও তার কোনো দাপ্তরিক পদবি বা সরকারি দায়িত্ব নেই। তবে তার এই কর্মকাণ্ডে রাজকীয় ভাবমূর্তি চরম সংকটের মুখে পড়েছে।
২০২৪ সালের ৪ আগস্ট সাবেক বান্ধবীর ওপর শারীরিক হামলার অভিযোগে প্রথম গ্রেপ্তার হন হইবি। এরপর তদন্ত যত এগিয়েছে, তার অপরাধের তালিকা তত দীর্ঘ হয়েছে।
বর্তমানে তার বিরুদ্ধে মোট ৩৮টি অপরাধের অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে:
২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে চারজন নারীকে ধর্ষণের অভিযোগ।
সাবেক বান্ধবীদের ওপর ধারাবাহিক শারীরিক ও মানসিক নির্যাতন।
গ্রেপ্তারের পর এক বিবৃতিতে হইবি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ঘটনার সময় তিনি কোকেন ও অ্যালকোহলের প্রভাবে ছিলেন।
ওসলো জেলা আদালতে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই ঐতিহাসিক মামলার বিচার শুরু হবে। শুনানি চলবে ১৩ মার্চ পর্যন্ত। হইবি ধর্ষণ ও গুরুতর সহিংসতার অভিযোগ অস্বীকার করলেও মাদক ও ট্রাফিক আইন ভঙ্গের মতো ছোট অপরাধগুলো স্বীকার করেছেন। পুরো নরওয়ে এখন এই বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে। সূত্র: ইয়াহু
আরটিভি/এমএইচজে/একে