মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাত ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি উল্টে গিয়ে মাটিতে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনার পরপরই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়, যা বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।
ব্যাঙ্গর পুলিশ জানায়, ফ্লাইট ম্যানিফেস্ট অনুযায়ী বিমানে ছয়জন আরোহী ছিলেন। সবাই মারা গেছেন।
বিমানের যাত্রীদের অবস্থা সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে। তবে, ধারণা করা হচ্ছে তুষারঝড়ের মধ্যে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।
উল্লেখ্য, গত সপ্তাহজুড়ে প্রবল ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশে শিলাবৃষ্টি এবং তুষারপাত হয়েছে। এর ফলে বহু বিমান ও সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অসংখ্য বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দেশটির বেশিরভাগ অংশে বাণিজ্যিক বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
আরটিভি/আরএ