মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০১:১৯ পিএম
অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে প্রায় ৫০ জন অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
অভিবাসীরা তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করে প্রায় ২৪ ঘন্টা পানিতে কাটায় বলেও জানানো হয়। এর মধ্যে জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় মাল্টার উদ্ধারকারী দল। মাল্টার সশস্ত্র বাহিনী জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) তিউনিসিয়ার উপকূলের কাছাকাছি একটি কার্গো জাহাজ থেকে একজন পুরুষ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়।
পরে তাকে চিকিৎসার জন্য মাল্টায় স্থানান্তর করা হয়। উদ্ধার হওয়া ওই ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের নাগরিকেরা ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল৷ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট ছোট ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করে থাকেন।
আরটিভি/এমআই