বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘুমানোর ভান করে নারী সহযাত্রীকে বারবার আপত্তিকরভাবে স্পর্শের অভিযোগে ভারতীয় নাগরিক বরুণ অরোরা (৩৮) কে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ২৯ আগস্ট, রোড আইল্যান্ড থেকে ওয়াশিংটনের উদ্দেশে যাওয়া একটি ফ্লাইটে। আদালতের নথি অনুযায়ী, ফ্লাইট অবতরণের আগমুহূর্তে পাশের নারী যাত্রী ঘুম থেকে উঠে বুঝতে পারেন বরুণ অরোরা তার গায়ে অবাঞ্ছিতভাবে হাত দিচ্ছেন। তবে অরোরা ‘ঘুমের মাস্ক’ পরে ঘুমের ভান করছিলেন এবং নারী বারবার হাত সরিয়ে দিলেও তিনি থামেননি।
মামলাটি তদন্ত করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও ওয়াশিংটন ফিল্ড অফিস। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সহকারী মার্কিন অ্যাটর্নি ম্যাডিসন মুমা ও সহকারী মার্কিন অ্যাটর্নি রাসেল এল কার্লবার্গ।
বরুণ অরোরা বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। ২৯ জানুয়ারি এই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং আগামী ৭ মে ফেডারেল জেলা আদালত তার সাজা নির্ধারণ করবেন। সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে।
একই ধরনের আরেক ঘটনায়, গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে ৩৪ বছর বয়সী ভারতীয় জাভেদ ইনামদারকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১২ বছর বয়সী কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনায় ন্যায়বিচার ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার তাগিদ আরও জোরদার হয়েছে।
আরটিভি/এসকে