শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৫৩ পিএম
পবিত্র হজ পালনে ইচ্ছুক বিশ্বজুড়ে লাখো ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুশির খবর দিয়েছে সৌদি আরব।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের হজের আনুষ্ঠানিক ভিসা ইস্যু করার কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক দাপ্তরিক বিবৃতিতে এই সময়সূচি ঘোষণা করা হয়। মূলত হজযাত্রীদের যাত্রা আরও নির্বিঘ্ন করতে এবং ব্যবস্থাপনা গতিশীল করার লক্ষ্যেই এবার বেশ আগেভাগে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সৌদি আরবের ঐতিহাসিক ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিদেশ থেকে আসা হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় শতভাগ সেবার চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় হাজিদের থাকার জন্য আবাসন সংক্রান্ত যাবতীয় আয়োজনও চূড়ান্ত করা হয়েছে। আগাম ভিসা দেওয়ার মাধ্যমে শেষ মুহূর্তের ভিড় ও ভোগান্তি এড়ানো সম্ভব হবে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী তাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশের মাধ্যমে প্রায় ৩০ হাজার হজযাত্রী সরাসরি হজ প্যাকেজ বুকিং দিয়েছেন।
এছাড়া আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য মিনা ও আরাফাতের মতো পবিত্র স্থানগুলোতে ইতোমধ্যে ৪৮৫টি তাঁবু বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৭৩টি দেশের হজ বিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তি ও প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে শেষ করেছে।
আরটিভি/এআর