images

আন্তর্জাতিক

ডেভিল কাঁকড়া খেয়ে ফুড ভ্লগারের মৃত্যু

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১২ এএম

সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর নেশায় প্রাণ হারালেন ফিলিপিন্সের ৫১ বছর বয়সী ফুড ভ্লগার এমা অমিত। অত্যন্ত বিষাক্ত ‘ডেভিল কাঁকড়া’ খাওয়ার কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি এমা অমিত পুয়ের্তো প্রিন্সেসা শহরের একটি ম্যানগ্রোভ ফরেস্ট থেকে বিভিন্ন সামুদ্রিক প্রাণী সংগ্রহ করেন। এর মধ্যে ছিল অত্যন্ত বিষাক্ত ডেভিল কাঁকড়া, যা রান্না করে তিনি টিকটক ও ফেসবুকে লাইভে দেখান।

লাইভ সম্প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই এমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ঠোঁট নীল হয়ে যাওয়া, বারবার খিঁচুনি এবং শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও গত ৬ ফেব্রুয়ারি চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।

বিজ্ঞানীদের মতে, ডেভিল কাঁকড়া যা ‘টক্সিক রিফ ক্র্যাব’ নামেও পরিচিত বিশ্বের অন্যতম বিষাক্ত সামুদ্রিক প্রাণীর একটি। এর শরীর ও মাংসে ‘স্যাক্সিটক্সিন’ এবং ‘টেট্রোডোটক্সিন’ নামের মারাত্মক নিউরোটক্সিন থাকে, যা সাধারণত পটকা মাছের বিষে পাওয়া যায়। এসব বিষ উচ্চ তাপমাত্রায় রান্না করলেও নষ্ট হয় না।

স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তার স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি ছিলেন। সমুদ্রের পাশে বসবাস করেও তিনি কেন এমন ভয়ংকর বিষাক্ত কাঁকড়া খেলেন, তা আমাদের কাছেও রহস্য।

আরও পড়ুন
CANADA

মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসিয়ে ১৮ বছরের তরুণীর আত্মহত্যা

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপিন্সে এই কাঁকড়া খেয়ে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ। সামান্য পরিমাণ বিষও একজন প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসযন্ত্র ও স্নায়ুতন্ত্র অচল করে দিতে পারে।

এ ঘটনার পর পুয়ের্তো প্রিন্সেসা শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। উজ্জ্বল রঙের এই কাঁকড়া কোনো অবস্থাতেই শিকার বা খাওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেখতে আকর্ষণীয় হলেও এই কাঁকড়ার স্পর্শ বা খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হতে পারে।

সূত্র : ডেইলি মেইল। 

আরটিভি/এসকে