রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৯ এএম
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের তিনটি গ্রামে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়াও অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করেছে।
সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদন অনুসারে, নাইজার রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা লোকজনকে গুলি করে হত্যা করেছে বা তাদের গলা কেটেছে, বাড়িঘরে আগুন দিয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডাকাতরা ৪১টি মোটরসাইকেলে করে এসেছিল এবং প্রতিটিতে দুই বা তিনজন পুরুষ ছিল।
এদিকে রয়টার্স জানিয়েছে, তিনটি গ্রামে মৃতের সংখ্যা প্রায় ৩২ জন, অন্যদিকে এএফপি জানিয়েছে যে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। নিকটবর্তী গ্রামে অন্যান্য সম্ভাব্য হামলার বিবরণ এখনো স্পষ্ট নয় এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
চলতি মাসের শুরুতেও একই ধরণের আক্রমণে শতাধিক মানুষ নিহত হয়েছে। সশস্ত্র অপরাধী দলগুলো বছরের পর বছর ধরে নাইজেরিয়ায় আক্রমণ এবং অপহরণ চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম এবং মধ্যাঞ্চলে অপরাধমূলক কার্যক্রম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
ভোরের দিকে তুঙ্গা-মাকেরি গ্রামে ডাকাতরা আক্রমণ চালায়। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন এএফপিকে জানিয়েছেন, টুঙ্গা-মাকেরিতে ছয়জন নিহত হয়েছেন। কিছু বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এখনো নিশ্চিতভাবে বলা যায়নি যে কতজনকে অপহরণ করা হয়েছে।
নিহতদের বেশিরভাগই নিকটবর্তী কনকোসোর বাসিন্দা। ওই গ্রামেও আক্রমণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, প্রায় সব ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, কনকোসোতে হামলার পর ডাকাতরা পিসায় গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং একজনকে হত্যা করে।
আরটিভি/এসআর