images

আন্তর্জাতিক

ভারতে মৃত্যুর ঘটনায় দেহ নিতে অস্বীকৃতি, পরিবারের দাবি ২ কোটি রুপি ক্ষতিপূরণ

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৮ এএম

ভারতের মুম্বাই শহরের মুলুন্ড এলাকায় নির্মাণাধীন মেট্রোর উড়ালসেতুর একটি অংশ ধসে রামধনী যাদব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এলবিএস রোডে জনসন অ্যান্ড জনসন কারখানার কাছে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রামধনী যাদব অটোরিকশায় করে যাওয়ার সময় উড়ালসেতুর প্যারাপেটের একটি অংশ ভেঙে পড়ে একটি অটোরিকশা ও পাশের একটি গাড়ির ওপর। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার নিহতের পরিবার ঘটনাস্থলে বিক্ষোভ করে মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানায়। তাদের দাবি, ২ কোটি রুপি ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের জন্য সরকারি চাকরির লিখিত নিশ্চয়তা দিতে হবে। যাদব সম্প্রদায়ের সদস্যরাও বিক্ষোভে অংশ নেন এবং লিখিত আশ্বাস না পেলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন
reza

ভারতে পাচারের ২৫ বছর পর গ্রামে ফিরলেন রেজাউল

পরিবারের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ লাখ রুপি এবং সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি সহায়তার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্য, তিন কন্যাসন্তানসহ পরিবারের ভবিষ্যৎ ব্যয়ের কথা বিবেচনায় ২০ লাখ রুপি কোনোভাবেই যথেষ্ট নয়।

এ ঘটনায় পুলিশ নিহতের পরিবারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতার চেষ্টা করছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে