মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১০ পিএম
এক ইসরায়েলি নারীসহ দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ওডিশার এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত মল্লেশ, সাই ও শরণাপ্পা নামে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভারতের কর্ণাটকের একটি আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কোপ্পাল জেলার গঙ্গাবতীতে বসা প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত জানান, হত্যার অপরাধে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যা কর্ণাটক হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। গণধর্ষণের অপরাধে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি হত্যাচেষ্টার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। আরও একটি ধারায় গুরুতর আঘাতের মাধ্যমে ধর্ষণের অপরাধে তাদের স্বাভাবিক জীবনের শেষ পর্যন্ত কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। সব দণ্ড একসঙ্গে কার্যকর হবে।
জানা গেছে, গত বছর সানাপুর এলাকায় তুঙ্গভদ্রা খালের পাশে ঘটনাটি ঘটে। দুই নারীসহ কয়েকজন পর্যটক সেখানে রাতের আকাশ দেখছিলেন, তখন তাদের ওপর হামলা চালানো হয়। এতে ওডিশার এক পর্যটক নিহত হন। সূত্র: জেরুজালেম পোস্ট
আরটিভি/এমএইচজে