বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৫ এএম
ভারত ফ্রান্সের সঙ্গে যৌথভাবে ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। চুক্তিতে স্বাক্ষরে ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউত্রিন।
ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি কার্যকর হলে ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের ভিত্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফরাসি কোম্পানি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স।
‘হ্যামার’ মূলত ফ্রান্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্মার্ট এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্র। ১৯৯৭ সাল থেকে এটি তৈরি করছে সাফরান। হ্যামার ক্ষেপণাস্ত্রের ‘হ্যামার’ নামটি মূলত হাইলি অ্যাগিল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ- এর সংক্ষিপ্ত রূপ।
এই প্রিসিশন-গাইডেড ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এটি বিশেষভাবে ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল থেকে তৈরি করা হয় এবং রাফাল জেট থেকেই এটি নিক্ষেপযোগ্য।
চলতি ফেব্রুয়ারির শুরুতে ভারত ফ্রান্সের সঙ্গে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ হওয়ার আগেই ১৮টি রাফাল উড়ান উপযোগী অবস্থায় ভারত পাবে। বাকি বিমানগুলো ভারতে তৈরি হবে এবং সেগুলোতে ভারতীয় প্রযুক্তির সংযোজন থাকবে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথমবারের মতো ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনে ভারত। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফাল জেট রয়েছে।
নতুন এই চুক্তির মাধ্যমে ভারতের রাফাল বহরের জন্য দেশেই হ্যামার ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথ খুলবে। একই সঙ্গে সামরিক খাতে ভারত-ফ্রান্স সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্র : দ্য হিন্দু, ফ্রার্স্ট পোস্ট
আরটিভি/এসকে