বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৫৭ পিএম
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরের একটি আতশবাজির দোকানে হঠাৎ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনে চন্দ্র নববর্ষ উদ্যাপনে আতশবাজি একটি অবিচ্ছেদ্য ঐতিহ্য। কিন্তু প্রতিবছর এই উৎসব মৌসুমেই আতশবাজির ব্যবহার থেকে নানা দুর্ঘটনার খবর আসে। অনিয়ন্ত্রিত সংরক্ষণ, অসতর্ক ব্যবহার এবং নিরাপত্তা বিধি না মানার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে রোববার দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত এবং দুজন আহত হন। সে ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছিল, দোকানের কাছাকাছি এক বাসিন্দার আতশবাজি ফোটানো থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়।
এ ধরনের ধারাবাহিক দুর্ঘটনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার সতর্কতা জারি করেছে। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, বসন্ত উৎসব বা স্প্রিং ফেস্টিভ্যাল চলাকালে আতশবাজিই এখনও সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে রয়েছে। নিরাপত্তা বিধি কঠোরভাবে মানার পাশাপাশি আতশবাজির বিক্রি ও ব্যবহারে আরও কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: এপি
আরটিভি/এমএইচজে