বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৩ পিএম
অস্ট্রেলিয়ায় ছয় মাসের ট্রিপের সময় জীবন-স্মরণীয় এক চমকের মুখোমুখি হয়েছেন ব্রিটিশ ব্যাকপ্যাকার হ্যাটি শেপার্ড (২১)। শুরুতে তিনি ভেবেছিলেন তার পেটের অসুখ হয়েছে, কিন্তু পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন তার পেটে প্রায় ২ দশমিক ৯ কেজি ওজনের মেয়ে সন্তান রয়েছে।
হ্যাটি তার বয়ফ্রেন্ড বেইলি চেডলের (২২) সঙ্গে পূর্ব উপকূলে ঘুরছিলেন। জুনে হঠাৎ পেটের ব্যথা শুরু হলে, প্রথমে তিনি ভেবেছিলেন এটি সাধারণ পেটের সংক্রমণ। তবে ব্যথা তীব্র হয়ে গেলে তিনি সরাসরি গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে যান। হাসপাতালে আল্ট্রাসাউন্ডে ডাক্তাররা আশ্চর্য হয়ে জানতে পারেন, হ্যাটি তখনই প্রসব অবস্থায় ছিলেন। ১০ ঘণ্টার মধ্যে হ্যাটি একটি মেয়ে সন্তান জন্ম দেন, যার নাম রাখা হয়েছে আইলা-গ্রেস চেডল।
ডাক্তাররা পরে জানিয়েছেন, হ্যাটির পলেস্তা (গর্ভাশয়) পেটের সামনে থাকায় এবং শিশু পিঠের দিকে থাকায় তিনি কখনো শিশুর নড়াচড়া অনুভব করতে পারেননি। এছাড়া হ্যাটির ওজনও স্বাভাবিক মনে হচ্ছিল।
গর্ভধারণ অজানা থাকা ঘটনা “ক্রিপ্টিক প্রেগন্যান্সি” নামে পরিচিত। অস্ট্রেলিয়ায় প্রতি ২৫০০ জনের মধ্যে প্রায় ১ জন প্রসব পর্যন্ত নিজের গর্ভধারণ জানে না।
এখন নবজাতক এবং তার বাবা-মা ডনকাস্টারে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন। হ্যাটি বলেন, সবচেয়ে অদ্ভুত ঘটনা হলেও, এখন এটি স্বাভাবিক মনে হচ্ছে। আমি সত্যিই খুশি। সূত্র: নিউইয়র্ক পোস্ট
আরটিভি/এমএইচজে