বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩৫ পিএম
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) সোনা বিক্রি হয়েছে ৫ হাজার ১ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ১৩ হাজার ২০৫ টাকা। আগের দিনের তুলনায় শতকরা হিসাবে দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ।
বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিই সোনার দাম বাড়ার প্রধান কারণ।
নাম প্রকাশ না করার শর্তে এক বাজার বিশ্লেষক এএফপিকে বলেন, সাম্প্রতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানে সামরিক হামলার প্রস্তুতি নিতে পারে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন বাহিনীর হামলার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। এসব আশঙ্কার প্রভাবেই বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন, ফলে দাম বাড়ছে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের রাজধানী মাসকাট এ প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। বর্তমানে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা চলছে।
এর আগে, সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নির্দেশিকা নীতিমালায় পৌঁছেছে তেহরান। তার এই বক্তব্যের পর মঙ্গলবার পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৯০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৮২০ টাকা)।
২০২৬ সালের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৩১৩ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ২৮ হাজার ৮৮২ টাকা। তবে জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় মার্কিন নৌবহর পাঠানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর প্রভাবে ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় প্রায় ৬ লাখ ৮৬ হাজার ৪০৭ টাকা, যা জানুয়ারির শুরুর দামের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি।
এদিকে সোনার পাশাপাশি রূপার দামও বেড়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রূপা বিক্রি হয়েছে ৭৭ দশমিক ৭ ডলারে, যা আগের দিনের তুলনায় শতকরা ৫ দশমিক ৭ শতাংশ বেশি।
সূত্র : এএফপি
আরটিভি/এসকে