বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩৯ পিএম
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে বিতর্কিত সম্পর্কের জেরে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নরফোকের স্যান্ড্রিংহামে তার নিজ বাসভবনে এক আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রিটিশ রাজপরিবারের সাবেক এই সদস্যের বিরুদ্ধে সরকারি পদে থাকাকালীন অপকর্মের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে ফিনান্সিয়াল টাইমস এই তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে, থেমস ভ্যালি পুলিশ বলেছে, সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয়ে ওই অভিযোগ করা হয়েছে।
তবে ৬৬ বছর বয়সী অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। থেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘তদন্তের অংশ হিসেবে আমরা আজ (১৯/২) নরফোকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ করেছেন সন্দেহে গ্রেপ্তার করেছি। পাশাপাশি বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি পরিচালনা করা হচ্ছে।’’
‘‘এই মুহূর্তে ওই ব্যক্তি পুলিশ হেফাজতেই রয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না। মামলাটি এখন সক্রিয় অবস্থায় রয়েছে। তাই আদালত অবমাননার ঝুঁকি এড়াতে যেকোনও ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত’’, বলে বিবৃতিতে জানিয়েছে থেমস ভ্যালি পুলিশ।
থেমস ভ্যালি পুলিশের সহকারী চিফ কনস্টেবল অলিভার রাইট বলেছেন, ‘‘সতর্কতার সঙ্গে পূর্ণাঙ্গ পর্যালোচনার পর আমরা সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছি।’’
উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে শিশু যৌন নির্যাতনের বিচার চলাকালীন মৃত অবস্থায় উদ্ধার হন। এর আগেও ২০০৮ সালে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এপস্টাইন মারা গেলেও তার ছায়ায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি দীর্ঘদিনের। অ্যান্ড্রুর এই গ্রেফতার সেই বিচার প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এআর