images

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের যাবজ্জীবন কারাদণ্ড

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪১ পিএম

দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় তার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন-কে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন চাপিয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় তাদের দোষী সাব্যস্ত করেন আদালত। রায়ে বলা হয়, ওই সময় বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং-কে আটক করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগেও ইউন সুক ইওল দোষী।

এ মামলায় আরও দণ্ডপ্রাপ্তরা হলেন, সাবেক গোয়েন্দা প্রধান রোহ সাং-উন: ১৮ বছর,সাবেক পুলিশ প্রধান চো জি-হো: ১২ বছর,সিউল মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান কিম বং-সিক: ১০ বছর,ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ গার্ডের সাবেক প্রধান মোক হিউন-তায়েক: ৩ বছর। আদালত জানায়, দণ্ডপ্রাপ্তরা এক সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সরকার পক্ষের আইনজীবীরা ইউন সুক ইওলের মৃত্যুদণ্ড দাবি করেছিলেন। তবে বৃহস্পতিবার সিউলের জেলা আদালত তার বয়স ও পূর্বে কোনো অপরাধের রেকর্ড না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের পরিকল্পনার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। ক্ষমতাচ্যুত হওয়ার পর ইউন সুক ইওলের বিরুদ্ধে চলমান আটটি বিচার প্রক্রিয়ার মধ্যে এটি তার পাওয়া সর্বোচ্চ সাজা। এর আগে গ্রেপ্তারে বাধা দেওয়া ও জালিয়াতির অভিযোগে পৃথক এক মামলায় তিনি পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে সরকার পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ইউনের অসাংবিধানিক ও অবৈধ জরুরি সামরিক আইন ঘোষণা জাতীয় পরিষদ ও নির্বাচন কমিশনের কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং কার্যত উদার গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

আরটিভি/এসকে