রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:২৮ পিএম
ভারতের রাজস্থানের যোধপুর জেলার মানাই গ্রামে নিজেদের বিয়ের দিন দুই বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) শোভা (২৫) ও ভিমলা (২৩) নামে দুই বোনের বিয়ে হওয়ার কথা ছিল। একই দিনে দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন তাদের বাবা-মা।
সংবাদমাধ্যম এনডিটিভি রোববার জানিয়েছে, প্রাথমিক তদন্তে দুই বোনের শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, তারা দুজনই কোনো বিষাক্ত কিছু পান করেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকেই বিয়ের প্রস্তুতি ও উৎসব চলছিল। শনিবার মধ্যরাত পর্যন্ত বাড়িতে আনন্দঘন পরিবেশ ছিল। এরপর দুই বোন ঘুমাতে যান। ভোররাতে হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
যোধপুর পশ্চিমাঞ্চলের এডিসিপি রোশান মীনা বলেন, বিয়েবাড়ির অনুষ্ঠান শনিবার গভীর রাত পর্যন্ত চলেছে। ভোর প্রায় ৪টার দিকে দুই বোনের শরীর খারাপ হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহত দুই বোনের মামা অভিযোগ করেছেন তাদের চাচা জোরপূর্বক বিয়ের চাপ দিচ্ছিলেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ওই চাপ থেকেই তারা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ বলছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
আরটিভি/এসকে