বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৯ এএম
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন নুরিন মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির দাহগাল নাকা এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নির্মাণাধীন পয়ঃনিষ্কাশন লাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় খোঁড়াখুঁড়ির জায়গায় পা পিছলে নুরিন খননের ভেতরে পড়ে যান। এতে তার হাত, পা ও নাকে আঘাত লাগে। সঙ্গে থাকা আরেক নারীও পড়ে গিয়ে আহত হন। উদ্ধারকর্মী ও উপস্থিত লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
নুরিন তার অন্যান্য বোন ও কয়েকজন নারীসহ আদিয়ালা কারাগারে আটক ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দাহগাল নাকায় যান। তবে পুলিশ চেকপোস্টে তাদের গাড়ি থামিয়ে দিলে তারা হেঁটে নির্মাণস্থল পার হওয়ার চেষ্টা করেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে।
এদিকে ইমরান খানের পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে সাক্ষাতের দাবি আরও জোরালো হচ্ছে। বিশেষ করে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সরকার ও বিরোধী জোটের মধ্যে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এই দাবি সামনে এসেছে।
এর আগে সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খান সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামের একটি গুরুতর চোখের রোগে আক্রান্ত। সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় এমন এই রোগটি উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ও হৃদ্রোগজনিত ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। ঘটনার খবর প্রথম প্রকাশ করে জিও টিভি নিউজ।
আরটিভি/এসকে