images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

রুশ নারীদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৮ পিএম

যৌন অপরাধী জেফরি এপস্টিনের গোপন বিচারিক ফাইল জনসমক্ষে আসার পর বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের মাঝে যে চরম অস্বস্তি তৈরি হয়েছিল, তা এবার নতুন এক মোড় নিয়েছে। এই তালিকায় থাকা অন্যতম বড় নাম মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নিজেই এবার মুখ খুলেছেন।

গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক অভ্যন্তরীণ ‘টাউন হল’ সভায় তিনি স্বীকার করেন, তার সঙ্গে দুজন রুশ নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন প্রকাশের পর তিনি নিজের ভুল স্বীকার করে সংশ্লিষ্ট সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বিল গেটস জানিয়েছেন, ওই দুই রুশ নারীর সঙ্গে তার যে সম্পর্ক ছিল, তা পরবর্তীতে কুখ্যাত অর্থদাতা জেফরি এপস্টিন জেনে গিয়েছিলেন। তবে ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা কোনোভাবে তার দ্বারা নির্যাতিত ছিলেন না। 

আরও পড়ুন
gov

ভারতে সরকারি কর্মকর্তার বাড়িতে মিলল আলমারি ভর্তি টাকা

গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র এই স্বীকারোক্তির সত্যতা নিশ্চিত করেছেন। এপস্টিনের মতো একজন দণ্ডিত যৌন অপরাধীর সঙ্গে নিজের অতীত কর্মকাণ্ডের পূর্ণ দায়ভার কাঁধে নিয়ে গেটস ওই সভায় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে দেখা গেছে, জেফরি এপস্টিনের যৌন অপরাধ প্রমাণিত হয়ে কারাদণ্ড হওয়ার পরও বিল গেটস তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। মূলত নিজের দাতব্য কার্যক্রমের পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনার অজুহাতে এই সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হয়েছিল। 

সভায় বিল গেটস তার কর্মীদের উদ্দেশে বলেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং গেটস ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের তার মতো একজন অপরাধীর সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল আমার জীবনের এক বিরাট ভুল। আমি জানতাম না এটি এত বড় বিতর্কের জন্ম দেবে।

নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত গেটস আরও বলেন, আমার এই অবিবেচক ভুলের কারণে ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং যারা এর সাথে জড়িয়ে পড়েছেন, আমি তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। তবে আমি জোর দিয়ে বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে কোনো অবৈধ কাজের সাথে জড়িত ছিলাম না এবং তার কাছে থাকাকালীন কোনো অনৈতিক কর্মকাণ্ড আমার চোখে পড়েনি।" 

উল্লেখ্য, এপস্টিন ফাইলে বিশ্বের অনেক ক্ষমতাধর রাজনীতিক ও ব্যবসায়ীর নাম আসার পর থেকে বিল গেটসের ব্যক্তিগত জীবন এবং মেহালন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়।

আরটিভি/এআর