শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৬ এএম
আফগান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এবং তালেবান বাহিনীর উসকানিমূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিয়ে অত্যন্ত কঠোর ও আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর জিও নিউজের।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিশেষ বিবৃতিতে তিনি জানিয়েছেন, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রয়োজনে সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার ওপর কোনো আঘাত সহ্য করা হবে না এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।
সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালেবান বাহিনীর পক্ষ থেকে চালানো উসকানিমূলক হামলার জবাবে পাকিস্তানি সশস্ত্র বাহিনী একাধিক সফল পাল্টা অভিযান পরিচালনা করেছে।
নিরাপত্তা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানি বাহিনীর এসব নিখুঁত হামলায় আফগানিস্তানের অভ্যন্তরে বিদ্রোহীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট এবং বড় আকারের গোলাবারুদের গুদাম ধূলিসাৎ হয়ে গেছে। এতে বিদ্রোহীদের ব্যাপক জনবল ও সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সামরিক অভিযানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই।
তিনি আরও বলেন, চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের দক্ষ ও আপসহীন নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী যেকোনো অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের সেনাবাহিনী কেবল উন্নত প্রশিক্ষণেই সমৃদ্ধ নয়, বরং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা দেশের প্রতিটি ইঞ্চি জমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো শত্রু শক্তি যদি আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, তবে তাদের চরম মূল্য দিতে হবে।
একই সময়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও তার সীমানায় কোনো অবৈধ হস্তক্ষেপ বরদাস্ত করবে না। পাকিস্তানের নীতিনির্ধারকরা বলছেন, আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চালানো হলে তার পরিণাম হবে ভয়াবহ।
উল্লেখ্য,পাক-আফগান সীমান্তে আফগান বাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে ‘অপারেশন গযব লিল-হক’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। ইতোমধ্যে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি।
আরটিভি/এআর