images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেব’

রোববার, ০১ মার্চ ২০২৬ , ০৪:৩১ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের জন্য এখন একটি বৈধ অধিকার এবং পবিত্র দায়িত্ব। এই অপরাধের জবাব দিতে ইরান তার কাছে থাকা সব ধরণের শক্তি ও সামর্থ্য নিয়োগ করবে।

আরও পড়ুন
iran

মারা গেছেন খামেনি, নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

বিবৃতি চলাকালীন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। তিনি সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, এটি কেবল ইরানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে এই শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রুপক্ষ যেন মনে না করে যে নেতৃত্বশূন্যতায় ইরান দুর্বল হয়ে পড়েছে। বরং এই রক্ত ত্যাগের মাধ্যমে ইরানের বিপ্লব এবং প্রতিরোধের শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

এর আগে, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দেশটিতে।

আরটিভি/এআর