images

আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০১:৩৪ পিএম

কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের কাছে একটি জনবসতিহীন এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার আগে বিমানটির পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

মিডল ইস্ট আই জানায়, কুয়েতের আকাশে সংঘটিত এক হামলার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আল জাজিরার একজন সংবাদদাতা জানান, বিধ্বস্ত বিমান থেকে দুই পাইলট বেরিয়ে এসেছেন। তাদের একজন পুরুষ এবং অপরজন নারী। তবে ক্রুদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এদিকে রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময়ে দেশটিতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
lebanon

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১

অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এই যুদ্ধ আরও চার সপ্তাহ পর্যন্ত প্রলম্বিত হতে পারে। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশটি বড় হওয়ায় সময় লাগছে, তবে চার সপ্তাহের বেশি সময় লাগবে না। এ অভিযানে সৌদি আরব যুক্ত হয়েছে বলেও তিনি দাবি করেন। যদিও এ বিষয়ে রিয়াদ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

আরটিভি/এসকে