images

আন্তর্জাতিক

ইরান আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১২:২১ পিএম

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটের অভিযানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সোমবার(২মার্চ) তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। সেই ঘটনার পর নতুন করে আরও একটি অত্যাধুনিক বিমান ধ্বংসের খবর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়িয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমানের লক্ষ্যভ্রষ্ট করার কাজ সম্পন্ন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ধ্বংসাবশেষ এবং বিমানের বিধ্বস্ত হওয়ার আগে পাইলটদের বেরিয়ে আসার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী সোমবার সকালেও ইরান-কুয়েত সীমান্তে একটি এফ-১৫ বিমান ভূপাতিত করেছিল। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বিধ্বস্ত বিমানের ফুটেজ আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সামরিক সূত্র জানায়, ইরান আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা কঠোরভাবে দমন করছে। সোমবারের সফল অভিযানের পর থেকে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন
DUBAI-AMBASSI

দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান

ইরানের দাবি অনুযায়ী, দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জামগুলো বিদেশি অত্যাধুনিক যুদ্ধবিমানের মোকাবিলায় কার্যকর প্রমাণিত হচ্ছে। খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, গত কয়েক দিনে মোট চারটি মার্কিন এফ-১৫ বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ ঘটনায় পুরো সীমান্ত এলাকা জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং সামরিক বিশ্লেষকরা সম্ভাব্য বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরটিভি/এসকে