images

আন্তর্জাতিক

ইরানের নতুন নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন ও ‘অবিচল’ সমর্থনের ঘোষণা পুতিনের

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০৮:২৫ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন এবং তেহরানের প্রতি মস্কোর ‘অবিচল’ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (৯ মার্চ) ক্রেমলিন থেকে প্রকাশিত এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় পুতিন বলেন, বর্তমান পরিস্থিতিতে যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মুখে রয়েছে, তখন দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করতে গেলে সাহস ও আত্মত্যাগের প্রয়োজন হবে।

তিনি আশা প্রকাশ করেন, মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির পথ অনুসরণ করে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং কঠিন সময়েও ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।

রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। গত বছর দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে, যার মধ্যে সামরিক সহযোগিতাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির মতো এতে কোনো দেশ আক্রান্ত হলে অপর দেশকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা নেই।

ইরান রাশিয়ার অস্ত্রের একটি গুরুত্বপূর্ণ ক্রেতাও।

আরও পড়ুন
mojtoba

ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা খামেনি?

বার্তায় পুতিন আরও বলেন, তেহরানের প্রতি রাশিয়ার সমর্থন অটুট রয়েছে এবং ভবিষ্যতেও মস্কো ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। একই সঙ্গে তিনি মোজতবা খামেনির সুস্বাস্থ্য ও সামনে থাকা কঠিন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুতে মোজতবা খামেনির বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় পুতিন তীব্র নিন্দা জানিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় মোজতবা খামেনি প্রাণে বেঁচে গেলেও তিনি তার স্ত্রী ও এক সন্তানকে হারান। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে