images

আন্তর্জাতিক

ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে অপসারণ করল স্পেন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৮:২৪ এএম

ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূত আনা সালোমোনকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করেছে স্পেন সরকার। ২০২১ সালের জুলাই থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েল সরকারের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কয়েক মাস আগে তাকে মাদ্রিদে তলব করা হয়েছিল।

স্পেনের মন্ত্রিসভার অনুমোদনে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) স্পেনের সরকারি গেজেটে রাষ্ট্রদূত অপসারণের বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর অবস্থান নিয়েছে মাদ্রিদ। এর পাশাপাশি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যে পদক্ষেপের ঘোষণা দেন, তা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে। এ সময় স্পেন অভিযোগ তোলে, ইসরায়েল তাদের মন্ত্রী ইয়োলান্দা দিয়াজ ও সীরা রেগোর বিরুদ্ধে অপবাদমূলক মন্তব্য করেছে এবং অগ্রহণযোগ্য আচরণ করেছে।

আরও পড়ুন
IRAN

ইরানের হুঁশিয়ারি, হরমুজ দিয়ে এক লিটার তেলও যাবে না

রাষ্ট্রদূত অপসারণের ফলে আপাতত ইসরায়েলে স্পেনের দূতাবাস একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে পরিচালিত হবে। নতুন রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই স্পেন ও ইসরায়েলের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। ২০২৪ সালে স্পেনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েলের রাষ্ট্রদূত মাদ্রিদ ত্যাগ করেন। বর্তমানে স্পেনেও ইসরায়েলের কোনো রাষ্ট্রদূত নেই। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরটিভি/এমএইচজে