images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

এবার লেবানন দখলের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৭:২৪ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এবার প্রতিবেশী দেশ লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়ার সরাসরি হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১২ মার্চ) লেবানন সরকারের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইসরায়েল কাৎজ এই কঠোর হুঁশিয়ারি দেন। 

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলকে লক্ষ্য করে তাদের হামলা বন্ধ না করে, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের ভেতরে প্রবেশ করবে এবং তাদের ভূমি দখল করে নেবে। খবর আল-জাজিরার।

তিনি আরও বলেন, হিজবুল্লাহর লাগাতার রকেট ও ড্রোন হামলার কারণে ইসরায়েলের উত্তরের জনপদগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে স্থায়ী সামরিক অঞ্চল বা ‘সিকিউরিটি জোন’ গড়ে তোলার পরিকল্পনা করছে তেল আবিব।

আরও পড়ুন
Web-Image---Copy

ইরানের পাল্টা হামলায় ৭ মার্কিন সেনা নিহত, ১৭ সামরিক স্থাপনা ধ্বংস

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। বিশেষ করে গতকাল বুধবার রাতভর উত্তর ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করেছে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা। এর প্রতিক্রিয়ায় বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ জানান, তারা লেবানন সরকারকে আল্টিমেটাম দিয়েছেন যেন অবিলম্বে হিজবুল্লাহর অস্ত্র নিরস্ত্র করা হয় এবং তাদের সীমান্ত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ইসরায়েলের মন্ত্রিসভা ইতিমধ্যেই লেবাননের অভ্যন্তরে স্থল অভিযানের একটি নীল নকশা বা ‘অপারেশন রোয়ারিং লায়ন’ অনুমোদন করে রেখেছে। যদিও দেশটির সামরিক কর্মকর্তাদের একাংশ পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার আগে ইরানের সাথে চলমান যুদ্ধের চূড়ান্ত ফয়সালার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন।

আরটিভি/এআর