images

আন্তর্জাতিক

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো বাহরাইন

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৪:৫২ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাহরাইন সরকার। দেশটির বাইরে অবস্থান করলেও বাংলাদেশি প্রবাসীরা এখন তাদের ভিসা নবায়ন করতে পারবেন।

মানামায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসীর ভিসা এলএমআরএ এর অধীন রয়েছে, তারা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত পরিচিত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর নিবন্ধন কেন্দ্রগুলোর যেকোনো একটিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এরপর নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের আবেদন করতে হবে।

তবে ভিসা নবায়নের ক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, বর্তমান পরিস্থিতিতে কোনো বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তিনি তার ভিসা নবায়নের আবেদন করতে পারবেন।

এছাড়া যাদের ভিসা সিআর বা কোনো কোম্পানির অধীন রয়েছে, তাদেরকে নিজ নিজ স্পন্সর বা সংশ্লিষ্ট কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসা নবায়নের আবেদন করতে হবে। সেক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে আবেদন করতে হবে।

আবেদন করার পর পেমেন্ট সংক্রান্ত বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করলে ভিসা নবায়ন সম্পন্ন হবে। তবে কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে দেওয়া যাবে না বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন
9

ইরান যুদ্ধ এতো দীর্ঘায়িত হবে ভাবেনি যুক্তরাষ্ট্র

জরুরি প্রয়োজনে প্রবাসীদের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এসকে