images

আন্তর্জাতিক

৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৭:২০ পিএম

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে পাঠানো একটি চার্টার্ড বিমানে মরদেহগুলো ইরানে পাঠানো হবে। ইরানের দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে ৪ মার্চ, যখন আন্তর্জাতিক জলসীমায় ইরানের ফ্রিগেট যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। এই ঘটনায় ৮৪ জন নাবিক নিহত হন। শ্রীলঙ্কা নৌবাহিনী দুর্ঘটনার পর ৩২ জন নাবিককে উদ্ধার করে, যারা আপাতত শ্রীলঙ্কাতেই থাকবেন।

এদিকে, দেনার ডুবির একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহরকে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাহাজটি এবং এর ২১৯ সদস্যের ক্রুকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী বুশেহরের একটি ইঞ্জিন মেরামতের চেষ্টা করছে।

উদ্ধার হওয়া ৩২ নাবিকের মধ্যে ২২ জন হাসপাতালে থেকে ছাড়া পেয়েছেন এবং দক্ষিণ শ্রীলঙ্কার একটি বিমানঘাঁটিতে রাখা হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন।

আরও পড়ুন
FUEL-BIMAN

ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, নিহত ৪

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরেকটি ইরানি জাহাজ শ্রীলঙ্কা অতিক্রম করে ভারতের দক্ষিণাঞ্চলের কোচি বন্দরে আশ্রয় নিয়েছে। জাহাজটির ১৮৩ জন ক্রু বর্তমানে ভারতের হেফাজতে আছেন। শ্রীলঙ্কা ও ভারত উভয় দেশই জানিয়েছে, মানবিক কারণে নাবিকদের আশ্রয় দেওয়া হয়েছে, যাতে তারা সমুদ্রে মার্কিন হামলার শিকার না হন।

আরটিভি/এসকে