বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৮:২৭ এএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্ভাব্য আইএস-প্রভাবিত একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করে বীরত্বের স্বীকৃতি পেয়েছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) দুই কর্মকর্তা। শহরের মেয়র জোহরান মামদানি তাদের অসামান্য সাহসিকতার জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন।
সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন- এনওয়াইপিডির চিফ অ্যারন এডওয়ার্ডস এবং সার্জেন্ট লুইস নাভারো।
গত শনিবার গ্রেসি ম্যানশন-এর সামনে এক বিক্ষোভ চলাকালে তারা সম্ভাব্য ভয়াবহ বিস্ফোরক হামলা ঠেকাতে জীবন বাজি রেখে এগিয়ে যান।
পুলিশ জানায়, ১৮ বছর বয়সী সন্দেহভাজন এমির বালাত বিক্ষোভকারীদের লক্ষ্য করে একটি দেশীয় তৈরি বিস্ফোরক নিক্ষেপ করে এবং দ্বিতীয়টি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে চিফ এডওয়ার্ডস দ্রুত বাধা অতিক্রম করে তাকে মাটিতে ফেলে আটক করেন।
একই সময়ে সার্জেন্ট নাভারো ধোঁয়া ওঠা আরেকটি বিস্ফোরক যন্ত্রের দিকে কোনো দ্বিধা ছাড়াই ছুটে গিয়ে সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।
মেয়র মামদানি বলেন, এটি নিঃস্বার্থ দায়িত্ববোধ ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যারা প্রতিনিয়ত কাজ করছেন, তাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
ঘটনার সঙ্গে জড়িত আরও এক সন্দেহভাজন ইব্রাহিম কায়ুমিসহ দুজনের বিরুদ্ধে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, চিফ এডওয়ার্ডস প্রায় ২৩ বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় অনুপ্রাণিত হয়ে তিনি এই পেশায় যোগ দেন। অন্যদিকে, সার্জেন্ট নাভারো প্রায় ১১ বছর ধরে দায়িত্ব পালন করছেন।
বিশ্লেষকদের মতে, সময়মতো এই দুই কর্মকর্তার সাহসী পদক্ষেপ না থাকলে ঘটনাটি বড় ধরনের প্রাণহানিতে রূপ নিতে পারত। সূত্র: ফক্স নিউজ
আরটিভি/এমএইচজে