রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৪:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার মারা গেছেন। শনিবার (২১ মার্চ) তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
পরিবারের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে রবার্ট মুলার যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে ২০১৭ সালে তিনি বিশেষ কাউন্সেল হিসেবে নিয়োগ পান। সে সময় ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে সম্ভাব্য যোগসূত্র নিয়ে তদন্ত পরিচালনা করেন। ২০১৯ সালে প্রকাশিত তার প্রতিবেদনে রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে, মুলারের মৃত্যুর পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি। তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
বিশ্লেষকদের মতে, মুলারের মৃত্যু যেমন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি, তেমনি ট্রাম্পের এই প্রতিক্রিয়া রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
আরটিভি/এসকে