সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৮:৩৩ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ২৪তম দিনে গড়িয়েছে। যুদ্ধের প্রথম আঘাতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে হত্যা করার পরও, দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে ব্যর্থ হয়ে একের পর এক শীর্ষ নেতা ও কমান্ডারদের লক্ষ্যবস্তু করছে ওয়াশিংটন ও তেল আবিব।
তবে দমে যাওয়ার পাত্র নয় তেহরানও; ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিধ্বংসী হামলা চালিয়ে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি করেছে তারা।
এই পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
রোববার (২২ মার্চ) এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ওয়াশিংটন এই যুদ্ধে কোনো প্রকার নমনীয়তা দেখাবে না।
সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, "হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা চূর্ণ করতে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া না হচ্ছে, ততক্ষণ এই অভিযান থামবে না।"
তিনি দাবি করেন, তেহরানের ওপর মার্কিন বিমান ও নৌবাহিনী ইতিমধ্যে ব্যাপক আধিপত্য বিস্তার করেছে। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো সামরিক কর্মকর্তাদের এই সাফল্যের সঠিক চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরছে না বলে তিনি কঠোর সমালোচনা করেন।
বেসেন্টের মতে, গণমাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই মার্কিন বাহিনীর অর্জন এড়িয়ে যাচ্ছে। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে অবিচল এবং ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসের মাধ্যমেই এই অঞ্চলের নৌ-চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।
একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফির সমালোচনার কড়া জবাব দেন অর্থমন্ত্রী বেসেন্ট। এর আগে সিনেটর মারফি দাবি করেছিলেন, ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে’ এবং তারা ‘বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে। এর উত্তরে বেসেন্ট বলেন, "সিনেটরের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। আমরা ইতিমধ্যে ইরানের সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছি এবং মাঠপর্যায়ে আমাদের নিয়ন্ত্রণ অত্যন্ত মজবুত।"
আরটিভি/এআর