সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০১:৩৫ পিএম
ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আবদুল বাসিত এক টেলিভিশন আলোচনায় দেওয়া বক্তব্যে মুম্বাই ও দিল্লির মতো ভারতের বড় শহরগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন বলে খবর ছড়িয়েছে।
পাকিস্তানের টিভি চ্যানেল এবিএন নিউজের ‘ডিসাইফার’ নামের একটি অনুষ্ঠানে কাল্পনিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় আবদুল বাসিত বলেন, যদি কোনও বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর হামলা চালায়, তাহলে পাকিস্তান ‘দ্বিতীয় কোনও চিন্তা ছাড়াই’ ভারতের মুম্বাই ও দিল্লির মতো মেগাসিটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
তবে তিনি একইসঙ্গে এ ধরনের পরিস্থিতিকে চরম এবং বাস্তবতায় খুবই অসম্ভব বলেও উল্লেখ করেন। তার দাবি, এমন পরিস্থিতি কেউই চায় না না পাকিস্তান, না ভারত।
এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ভারতের বড় শহরগুলোর নাম উল্লেখ করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য, আবদুল বাসিত ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালের সময়ই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ে।
বিশ্লেষকদের মতে, এটি সরাসরি কোনও সরকারি অবস্থান নয়; বরং একটি কাল্পনিক পরিস্থিতিতে দেওয়া ব্যক্তিগত মতামত। তবুও সাবেক একজন শীর্ষ কূটনীতিকের এমন বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
আরটিভি/এসকে