সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৩:০৭ পিএম
হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
ইরানের সামরিক বাহিনী প্রকাশিত একটি ভিডিওতে জুলফাগারিকে ইংরেজিতে বলতে শোনা যায়, ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো। তুমি এই বাক্যের সঙ্গে পরিচিত। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে, হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন ট্রাম্প। এর জবাবে ইরান সতর্ক করে জানিয়েছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে মধ্যপ্রাচ্যজুড়ে বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং পানিশোধনাগারে পাল্টা হামলা চালানো হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি যুদ্ধ শুরুর পর ইরান বন্ধ করে দেয়। যদিও পরে কিছু দেশের জাহাজকে সীমিতভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তবে প্রতিপক্ষ দেশের জাহাজ চলাচল বন্ধ রাখার অবস্থানে রয়েছে তেহরান।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বাড়ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, ১৯৭০-এর দশকের পর বিশ্ব এমন জ্বালানি সংকট আর দেখেনি।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বৈশ্বিক অর্থনীতি আরও বড় চাপের মুখে পড়তে পারে।
সূত্র: আল জাজিরা
আরটিভি/এসকে