images

আন্তর্জাতিক

১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১২:৫৪ পিএম

চীনের জিলিন প্রদেশে নিখোঁজ হওয়ার পর ১৭ কিলোমিটারের বেশি পথ হেঁটে বাড়ি ফিরে আসা সাতটি কুকুরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কুকুরগুলোর মহাসড়ক ধরে দলবদ্ধভাবে হাঁটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

চীনের চাংচুন শহরের কাছে এই ঘটনাটি ঘটে। গত ১৬ মার্চ, লু নামের এক নেটিজেন একটি ব্যস্ত মহাসড়কে সাতটি কুকুরকে একসঙ্গে হাঁটতে দেখে ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, একটি আহত জার্মান শেফার্ডকে ঘিরে সতর্কভাবে এগিয়ে যাচ্ছে বাকি কুকুরগুলো। সামনে থাকা একটি কর্গি বারবার পেছনে ফিরে দেখে কেউ পিছিয়ে পড়ছে কি না। দলটিতে আরও ছিল গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর ও পিকিনিজ জাতের কুকুর।

স্থানীয় সময় তখন রাত, আর তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রির নিচে।

লু চীনের সংবাদমাধ্যম দাহে ডেইলিকে বলেন, তাদের দেখে মনে হচ্ছিল, যেন বিপদে পড়া একদল ছোট ভাই একসঙ্গে পথ চলেছে সাধারণ পথকুকুরদের মতো মোটেও লাগছিল না।

তিনি কুকুরগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করলেও তারা সাড়া দেয়নি। পরে তিনি ভিডিওটি চীনের জনপ্রিয় প্ল্যাটফর্ম ডউইন-এ পোস্ট করেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ভিডিওটি পরে অনলাইনে ভাইরাল হয়ে ২৩ কোটির বেশি বার দেখা হয় বলে জানা গেছে।

ভিডিওটি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন টং টং নামের একটি স্থানীয় পথকুকুর উদ্ধারকেন্দ্রের এক স্বেচ্ছাসেবক। তিনি আশপাশের গ্রামে গিয়ে কুকুরগুলোর খোঁজে দরজায় দরজায় কড়া নাড়েন এবং নিখোঁজ সংক্রান্ত পোস্টার টানান।

উদ্ধারকেন্দ্রের পোস্ট করা এক ভিডিওতে টং টং বলেন, ১৮ মার্চ সকালে ঘুম থেকে উঠে দেখি চাংচুনে তুষারপাত হচ্ছে। সাতটি কুকুরের জন্য খুব চিন্তিত ছিলাম। ভয় হচ্ছিল, তারা হয়তো কিছুই খায়নি বা পানি পায়নি। তাই একটি ড্রোন ধার করে তাদের খুঁজতে বের হই।

পরদিন ১৯ মার্চ জানা যায়, কুকুরগুলো নিজেদের বাড়ির পথ খুঁজে পেয়েছে।

দাপাংসহ সাতটি কুকুরের মধ্যে তিনটির মালিক চাংচুনের কাছের একটি গ্রামের এক নারী। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, চার দিন ধরে তিনি কুকুরগুলোকে খুঁজছিলেন এবং প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন। এমন সময় ১৮ মার্চ তার কুকুর দাপাং বাড়ি ফিরে আসে। পরে আশপাশের গ্রামে খোঁজ নিয়ে বাকি কুকুরগুলোকেও পাওয়া যায়। জানা যায়, সেগুলোকে এক গ্রামবাসী সাময়িকভাবে আশ্রয় দিয়েছিলেন।

একজন স্বেচ্ছাসেবক জিমু নিউজকে জানান, সাতটি কুকুরই শেষ পর্যন্ত নিজ নিজ মালিকের কাছে ফিরে গেছে।
কুকুরগুলো ছিল তিনটি ভিন্ন পরিবারের।

যে মহাসড়কে প্রথম তাদের দেখা গিয়েছিল, সেটি তাদের গ্রামের অবস্থান থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে।

প্রথমদিকে অনলাইনে নানা জল্পনা তৈরি হয়। কেউ আশঙ্কা করেন, কুকুরগুলো চুরি হয়ে থাকতে পারে। আবার কেউ ধারণা করেন, সেগুলো হয়তো পুনরায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল অথবা নিজেরাই পথ হারিয়ে ফেলেছিল।

তবে ২১ মার্চ জিলিন প্রদেশের সংস্কৃতি ও পর্যটন ব্যুরো জানায়, কুকুরগুলো চুরি হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, একটি জার্মান শেফার্ড প্রজনন সময়ের কারণে অন্য কুকুরগুলোর আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। ওই কুকুরটির আগে থেকেই কয়েকদিনের জন্য হঠাৎ উধাও হয়ে যাওয়ার স্বভাব ছিল। আর তাকে অনুসরণ করেই বাকি কুকুরগুলোও দূরে চলে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আবেগের সৃষ্টি করেছে। অনেকেই কুকুরগুলোর দলগত বন্ধুত্ব, বিশ্বস্ততা ও বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। 

একজন মালিক বলেন, আমরা খুব ভাগ্যবান যে তারা ফিরে এসেছে, কারও খাবারে পরিণত হয়নি। আরেকজন মালিক তার কর্গির বুদ্ধিমত্তা ও বাড়ি চিনে ফেরার ক্ষমতার প্রশংসা করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই ঘটনা ঘিরে ভুল তথ্য ও অনুমানভিত্তিক প্রচারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। তাদের মতে, এই ঘটনা দেখিয়েছে অনলাইনে কীভাবে সত্য ও গুজব একসঙ্গে ছড়িয়ে পড়ে।

 

এদিকে কিছু নেটিজেন মজা করে বলেছেন, সাত কুকুরের এই অভিযান নিয়ে একটি সিনেমা বানানো যেতে পারে। কেউ কেউ আবার একে শিশুদের জনপ্রিয় কানাডীয় কার্টুন ‘পাও প্যাট্রোল’এর বাস্তব সংস্করণ বলেও মন্তব্য করেছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে একজন ব্যবহারকারী লিখেছেন, এটি দেখে আমার কান্না পাচ্ছিল। কুকুর চিরকালই মানুষের বন্ধু। (ভাইরাল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)

আরটিভি/এসকে