images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ১১:০৬ এএম

দক্ষিণ লেবাননে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গণমাধ্যমকর্মী গুরুতর আহত হয়েছেন এবং পরবর্তীতে উদ্ধারকাজে আসা এক প্যারামেডিকও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। 

শনিবার (২৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের জেজ্জিন সড়কে স্পষ্ট ‘প্রেস’ (সাংবাদিক) লেখা সংকেতযুক্ত একটি গাড়ি লক্ষ্য করে এই বর্বর হামলা চালায় ইসরায়েল। নিহত সাংবাদিকরা হলেন— প্যান-আরব টিভি চ্যানেল আল-মায়াদিনের সাহসী নারী সাংবাদিক ফাতিমা ফতুনি ও তার সহকর্মী ও ভাই ভিডিও সাংবাদিক মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টিভির অত্যন্ত অভিজ্ঞ যুদ্ধসংবাদদাতা আলি শুয়াইব। 

আল-মায়াদিনের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের বহনকারী গাড়িটিতে উপর্যুপরি চারটি নির্ভুল গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 

ভয়াবহ এই হামলার পর ঘটনাস্থলে রক্তাক্ত সাংবাদিকদের উদ্ধারে অ্যাম্বুলেন্স পৌঁছালে নিষ্ঠুরতার চরম সীমা ছাড়িয়ে প্যারামেডিকদের ওপরও পুনরায় রকেট হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই একজন জরুরি স্বাস্থ্যকর্মী নিহত হন। 

আরও পড়ুন
5

এবার মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

লেবাননের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এই ঘটনাকে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি একটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সাংবাদিকদের সুরক্ষায় থাকা সমস্ত বৈশ্বিক চুক্তিকে ইসরায়েল বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।”

এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি সামরিক বাহিনী এই বর্বরোচিত বিমান হামলার কথা স্বীকার করেছে। তবে নিজেদের পিঠ বাঁচাতে তারা বরাবরের মতোই নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার পুরোনো কৌশল বেছে নিয়েছে। তারা দাবি করেছে, নিহত প্রবীণ সাংবাদিক আলি শুয়াইব নাকি হিজবুল্লাহর একটি বিশেষ গোয়েন্দা ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ইসরায়েলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করছিলেন।

তবে আল-মানার টেলিভিশন নেটওয়ার্ক ইসরায়েলের এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, আলি শুয়াইব গত তিন দশক ধরে লেবাননে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে যুদ্ধক্ষেত্রের সংবাদ সরাসরি সম্প্রচার করে আসছিলেন। সম্পূর্ণ অন্যায়ভাবে ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই ইসরায়েল এই সুনির্দিষ্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা দাবি করে।

আরটিভি/এআর