মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১০:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে ওইসব প্রতিষ্ঠ কর্মরত কর্মী ও আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই হুমকির কথা জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু নির্ধারণ এবং নজরদারির কাজে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানিগুলো প্রধান ভূমিকা পালন করছে। এ কারণে এখন থেকে এসব প্রতিষ্ঠানকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
আগামীকাল (১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা থেকে অন্তত ১৫টিরও বেশি কোম্পানিকে লক্ষ্য করে এই হামলা চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। আইআরজিসির নির্দিষ্ট করে দেওয়া এসব কোম্পানির তালিকায় গুগল, মেটা, অ্যাপল, টেসলা এবং বোয়িংয়ের মতো বড় বড় প্রতিষ্ঠানের নাম রয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কর্মী ও নিকটবর্তী এলাকার লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে আইআরজিসি।
আরটিভি/এমএইচজে