বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০৯:৪৭ এএম
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট। অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় ভাষণটি দেবেন তিনি।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লেভেট লিখেছেন, কাল রাতে ইস্টার্ন টাইম, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে বৃহস্পতিবার রাত ৯টায় (ইস্টার্ন টাইম) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এরআগে ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি ওই সময় জানান, ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তি হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন। তবে এক মাস পেরিয়ে গেলেও; এখনো যুদ্ধ শেষ হয়নি। উল্টো পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।
যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যা এখনো বন্ধই আছে। দেশটি শুধুমাত্র তাদের মিত্র ও বন্ধু দেশকে সেখান দিয়ে জাহাজ পার করতে দিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের অন্যতম লক্ষ্য ঠিক করেছে হরমুজ খোলাকে। যা যুদ্ধের আগে খোলাই ছিল।
আরটিভি/ এমএ