images

আন্তর্জাতিক

‘বৈশ্বিক কূটনীতিতে নেতৃত্ব দিতে চাইছে চীন’

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৭:৩০ পিএম

ইরান যুদ্ধ নিয়ে চীন তাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। পাকিস্তানের সঙ্গে যৌথভাবে পাঁচ দফা প্রস্তাব পেশ করা, উপসাগরীয় দেশগুলোর সমর্থন আদায় এবং হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে সামরিক শক্তি ব্যবহারের প্রস্তাবের বিরোধিতা করার মধ্য দিয়ে বেইজিং বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও সংহত করতে চাইছে। তবে চীনের এই প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের খুব একটা আগ্রহ নেই বলেই মনে হচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক স্টিমসন সেন্টারের চীন কর্মসূচির পরিচালক সান ইউন বলেন, ইরান যুদ্ধ বর্তমানে মধ্যপ্রাচ্যের ভেতরে ও বাইরে সব দেশের জন্য অগ্রাধিকার। চীন তার নেতৃত্ব ও কূটনৈতিক সক্ষমতা প্রদর্শনের এই সুযোগটি হাতছাড়া করতে চাচ্ছে না।

তবে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো ড্যানি রাসেল চীনের এই কূটনীতিকে ‘প্রদৰ্শনমূলক’ বলে অভিহিত করেছেন। তিনি ২০২৩ সালে ইউক্রেন যুদ্ধের জন্য চীনের দেওয়া ১২ দফা প্রস্তাবের সঙ্গে এর তুলনা করে বলেন, চীন দেখাতে চায় যে ওয়াশিংটন যেখানে বেপরোয়া ও আক্রমণাত্মক, সেখানে চীন শান্তি ও নীতির পক্ষে। আসলে আমরা যা দেখছি তা মধ্যস্থতা নয়, বরং নিজেদের একটি ইতিবাচক ভাবমূর্তি প্রচারের চেষ্টা।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বেইজিং শান্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

চীনের কূটনীতিকে যেভাবে দেখছে যুক্তরাষ্ট্র

মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প প্রশাসন চীনের মধ্যস্থতার বিষয়ে তেমন কোনো উৎসাহ দেখাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চীনের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পায় বা তারা কোনো সাফল্যের কৃতিত্ব পায়— এমন কোনো সুযোগ দিতে রাজি নয় ওয়াশিংটন।

চীন-পাকিস্তানের উদ্যোগে যুক্তরাষ্ট্রের অবস্থানকে নিরপেক্ষ হিসেবে বর্ণনা করেছেন এক কর্মকর্তা। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে এ বিষয়ে মত দেন, তাহলে অবস্থান বদলাতে পারে।

বেইজিংয়ের জন্য মে মাসের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরের আগেই যুদ্ধ থামানো একটি বড় লক্ষ্য। যুদ্ধের কারণে ট্রাম্প তার মার্চের নির্ধারিত সফরটি ইতোমধ্যে পিছিয়ে দিয়েছেন।

সান ইউন বলেন, যুদ্ধ চলতে থাকলে ট্রাম্প আবারও যে তার চীন সফর পিছিয়ে দেবেন না, তার কোনো নিশ্চয়তা নেই।

জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর ফলে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার প্রভাবে অন্যান্য দেশের তুলনায় চীন বর্তমানে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। চীন তার তেলের মাত্র ১৩ শতাংশ ইরানের কাছ থেকে আমদানি করে। এছাড়া তারা নিজস্ব কৌশলগত তেলের মজুদও বজায় রেখেছে।

বিশ্লেষকরা বলছেন, স্বল্প মেয়াদে সামলে নিলেও চীন দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। কারণ দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট ও নৌ-চলাচল ব্যাহত হওয়া চীনের রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক জ্যেষ্ঠ গবেষণা ও পরামর্শক উপদেষ্টা আলি ওয়াইন বলেন, ট্রাম্প প্রশাসনের সুনির্দিষ্ট কৌশলের অভাব যখন স্পষ্ট হচ্ছে, তখন চীন এই সংকট নিরসনে নিজেকে সহায়তাকারী হিসেবে উপস্থাপনের সুযোগটি কাজে লাগাচ্ছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ট্রাম্পকে জ্বালানির বাড়তি খরচের বিল পাঠালেন নিউজিল্যান্ডের চিকিৎসক!

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়া, ওমান, ইরান, ফ্রান্স, ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। গত সপ্তাহে তিনি বেইজিংয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দফা প্রস্তাব নিয়ে আলোচনা করেন, যেখানে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লিউ বলেন, তিনি আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ২০টিরও বেশি ফোনালাপ করেছেন। শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একজন বিশেষ দূত এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সফর করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসের কাছে চীনের পরিকল্পনার জন্য সমর্থন চেয়েছেন এবং তাকে বলেছেন যে এটি ব্যাপক, আন্তর্জাতিক ঐকমত্যের প্রতিনিধিত্ব করে। ওয়াং সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে বলেছেন যে যুদ্ধ বন্ধ করাই সবচেয়ে জরুরি বিষয়।

আবার বাহরাইন কর্তৃক জাতিসংঘে উত্থাপিত ‘সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি খোলার’ প্রস্তাবেরও বিরোধিতা করেছে চীন। এ বিষয়ে ওয়াং ই বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপ উত্তেজনা কমানোর জন্য হওয়া উচিত, আগুনে ঘি ঢালার জন্য নয়।

কূটনৈতিক আলোচনা নিয়ে কথা বলার জন্য নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কূটনীতিক বলেন, চীন ও রাশিয়া যুক্তি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ জাতিসংঘ-সমর্থিত একটি ব্যবস্থাকে কাজে লাগিয়ে এই প্রাণঘাতী যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে।

উভয় দেশেরই প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়ার তেমন কোনো তাগিদ নেই বলেই মনে হচ্ছে। চীন যেখানে অর্থ দিয়ে তার কিছু জাহাজ পার করতে সক্ষম হয়েছে, সেখানে রাশিয়া তার প্রধান রপ্তানি পণ্য তেলের উচ্চমূল্য থেকে লাভবান হচ্ছে।

বেইজিং বলছে, যুদ্ধ বন্ধে একটি চুক্তি দরকার। তবে পাকিস্তানের সঙ্গে চীনের এই শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত একপ্রকার নীরবই রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের একজন বলেছেন, এই পরিকল্পনাটি মূল্যায়ন করা কঠিন, কারণ এটি শান্তির একটি রূপরেখার চেয়ে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান, কূটনীতির গুরুত্ব এবং জাতিসংঘের ভূমিকার প্রতি একটি অস্পষ্ট আবেদন মাত্র।

আরটিভি/এমএইচজে