মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০২:১৮ পিএম
ইরানের রাজধানী তেহরানে একটি সিনাগগ বা ইহুদিদের উপাসনালয় হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে চালানো হামলায় এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো।
ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি এবং দৈনিক শার্ঘের খবরে বলা হয়েছে, তেহরানের রাফি-নিয়া সিনাগগ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে শার্ঘ জানায়, মঙ্গলবার সকালের হামলাতেই উপাসনালয়টি বিধ্বস্ত হয়।
তবে এ হামলা ইচ্ছাকৃতভাবে সিনাগগকে লক্ষ্য করে চালানো হয়েছিল কি না, সে বিষয়ে এখনো স্বাধীনভাবে যাচাই করা কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কিছু স্থানীয় বাসিন্দার ধারণা, স্থাপনাটিকে মসজিদ মনে করে টার্গেট করা হয়ে থাকতে পারে। তবে এ দাবি এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।
ইহুদিধর্ম ইরানে আইনত স্বীকৃত সংখ্যালঘু ধর্মগুলোর একটি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটি থেকে বহু ইহুদি চলে গেলেও এখনো সেখানে একটি ছোট ইহুদি সম্প্রদায় বসবাস করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শার্ঘ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া এই সিনাগগটি খোরাসান অঞ্চলের ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ ও উৎসবস্থল হিসেবে পরিচিত ছিল।
ইরানে শিয়া ইসলাম রাষ্ট্রের প্রধান ধর্ম হলেও দেশটির সংবিধানে সুন্নি ইসলাম, জরথুস্ত্রবাদ, ইহুদিধর্ম ও খ্রিস্টধর্মকে সংখ্যালঘু ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব সম্প্রদায়ের প্রতিনিধিত্বও দেশটির রাজনৈতিক কাঠামোর অংশ হিসেবে বিদ্যমান।
সূত্র: সিবিএস নিউজ।
আরটিভি/এসকে